৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৩০, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নাই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এর আগেও দুইটি অভিযান হয়েছে আবার নতুন করে এসবির অভিযান পরিচালনা করা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ডিএমপি থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এটা পুরো বাংলাদেশে না, শুধু ডিএমপিতে চলবে। সে বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ভালো জানতে পারবেন।

কেন এ অভিযান প্রয়োজন হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অভিযানের পরিকল্পনা করা হয়। ধরেন আপনাদের প্রয়োজনে আজকে আমাকে ধরে প্রশ্ন করছেন এ রকমই। প্রয়োজন হয়েছে বলেই ধরেছেন৷ ডিএমপির অভিযানের ব্যাপারে আপনার ডিএমপি কমিশনারের কাছে যান৷

৫ আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার হুমকি আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, না ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সব কিছু আল্লাহ দিলে ভালো হবে।

বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে বিভিন্ন দেশ থেকে ভিসা বাতিল ও অনএরাইভাল ভিসা বাতিল হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন এরাইভাল ভিসা বাতিল হচ্ছে না, যেসব দেশের সাথে আমাদের অন এরাইভাল ভিসার চুক্তি আছে তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদেরতো আমরা ভিসা দেবো না।

মালয়েশিয়াতে যেসব বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তাদের কোনো আপডেট আপনাদের কাছে আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল৷ এক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে সেসব বিষয় নিয়ে তারা আলাপ করেছে।

রংপুর গঙ্গাচর ঘটনায় কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, যারা সেখানে গেছেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনবো।