বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।
এর আগে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে লক্ষ্য করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট এলাকায় ডিম নিক্ষেপ করা হয়।
এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিয়ে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
নিউমার্কেটের দোকান কর্মচারী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করে তাদের বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার তিকে আদালত এলাকায় নিয়ে আসলে এ ঘটনা ঘটে। যদিও গাড়ি বহরের শুরুতে থাকা প্রিজন ভ্যানে তারা ছিলেন না। তাদের কালো রঙের কয়েকটি মাইক্রোবাসে আনা হয়। এসময় সমানে পেছন পুলিশের আরও বেশ কয়েকটি গাড়ি ছিল।
এর আগে সিএমএম কোর্ট এলাকায় নিরাপত্তা দিতে বিকেল ৫টা থেকে অবস্থান নেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামাদের। ওই মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়েছে।
