হাসিনার আমলে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে: ড. ইউনূস - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসিনার আমলে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে: ড. ইউনূস

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন।

ড. ইউনূস বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস কৃষি, সামুদ্রিক সম্পদ, শিল্প, যুব, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনুস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সম্পম্প্রদায়সহ দেশটির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে তিনি নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সঙ্কটের বিষয়েও আলোচনায় উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।

ইর্মা ভ্যান ডুরেন উল্লেখ করেন- কৃষি, পানি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় বেশ কিছু খাতে আরও বেশি ডাচ বিনিয়োগ নিয়ে আসার জন্য সেদেশের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাবেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ, ডাচ উপ-রাষ্ট্রদূত থিজ ওয়ুডস্ট্রা উপস্থিত ছিলেন।