হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১০, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। এতে সাংবাদিকসহ অন্তত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিএনপির মানববন্ধনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের শায়েস্তানগরে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

জানা যায়, দলের কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন শুরু করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে লোকজন দ্বিগ্নিদিক ছুটতে থাকেন। সংঘর্ষে ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব জানান, এখনও সংঘর্ষ চলায় বিস্তারিত বলা যাচ্ছে না।