খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধ এবং বর্ষা মৌসুমের আগেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ০৫ জুন, ২০২৬ । খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর শহীদ আলতাফ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেদের চারপাশ পরিষ্কার রাখাই এই রোগ থেকে বাঁচার প্রধান উপায়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য তিনি আহ্বান জানান।
প্রশাসক নগরীর প্রতিটি ওয়ার্ডে স্থানীয় ইমাম, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে দ্রুত ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠনের জন্য ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় বিধায় ব্যক্তিগত সচেতনতা বজায় রাখা এবং বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়ার জন্য তিনি নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
