স্বামী-স্ত্রীর মরদেহ পড়েছিল রেললাইনের পাশে - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-স্ত্রীর মরদেহ পড়েছিল রেললাইনের পাশে

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (০৪ জানুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার রেলপথ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীলকান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।

নিহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে তারা দু’জন কালিহাতীর রৌহা গ্রামে কীর্তনে গিয়েছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। ভোরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, রেললাইনের পাশে দু’টি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। শনিবার দুপুরে স্থানীয় শশ্মান ঘাটে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবারের সদস্যদের ধারণা- রাতে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তারা মারা যান।

যমুনা সেতু পূর্ব প্রান্তের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে।