সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ দুর্বৃত্ত কারাগারে - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ দুর্বৃত্ত কারাগারে

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের মরা পশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ছয় দুর্বৃত্তকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে বনরক্ষীরা তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী একদল দূর্বৃত্তরা। তাদের কোন ভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার বিষ দিয়ে মরাপশুরের খালে মাছ শিকার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয় দুর্বৃত্তকে আটক করে।

আটকদের মধ্যে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদার (৪৫) রয়েছেন। অন্য পাঁচজন হলেন- সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মো. লিটন হাওলাদার (২৬), মো. বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টোন জাল পায় বনরক্ষীরা। তাদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।