সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের পাশে গড়ে ওঠা রিসোর্টে ঘুরতে গিয়ে নৌকা উল্টে রিয়ানা আবজাল (২৮) নামে মার্কিন প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোংলা পশুর নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বনবিভাগ ও স্থানীয় লোকজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, রিয়ানা আবজাল বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান। তার সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বনবিভাগ।

তিনি জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলিতে পরিবারসহ রাত যাপন শেষে শনিবার সকালে একটি নৌকায় ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। পথে তাদের নৌকাটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়।

তিনি আরও জানান, এ সময় বোটের সবাই নদীতে পড়ে যায়। কিন্তু তাদের মধ্যে অনেকেই সাঁতরে কুলে ওঠে, কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন রিয়ানা।

নিখোঁজ রিয়ানার বাবা ও বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ঢাকার উত্তরায় থাকি। আমাদের গ্রামের বাড়ি বরিশালে। এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলাম। একটি জাহাজের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ছোট্ট নৌকাটি উল্টে যায়। এতে ১৩ জনই নদীতে পড়ে যাই। পরে ১২ জন উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।’