সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি রেজাউল করিম জানান, দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই মিলের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় অন্তত তিনজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুইজন মারা যায়। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
