সারা দেশে বৃষ্টির পূর্বাভাস - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৬, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আভাসও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আজ রোববার এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

সংস্থাটি জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান, নিকলি ও সীতাকুণ্ডে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ১৮৬ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রামে ১৪৬, সন্দ্বীপে ১২৮, সীতাকুণ্ডে ১৩৪, রাঙামাটিতে ১৪৬, হাতিয়ায় ১১২, খেপুপাড়ায় ১৪০ মিলিমিটার অতিভারি বৃষ্টি হয়েছে। ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।