সাভারে ডেইরি ফার্মের শ্রমিককে গলা কেটে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ডেইরি ফার্মের শ্রমিককে গলা কেটে হত্যা

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২২, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে মাহফুজুর রহমান রাজু (৪০) নামের এক শ্রমিকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে খামারের ভেতরের একটি মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা পুলিশে খবর দেন।

নিহত মাহফুজুর রহমান পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার চৈইতা গ্রামের আতাহার শিকদার ছেলে। তিনি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

খামারের শ্রমিকরা জানান, মাহফুজুর রহমান প্রায় ৬ মাস ধরে অস্থায়ী চুক্তির ভিত্তিতে চাকরি করতেন। গতকাল খামারের কাজ শেষে মাহফুজুর আর বাসায় যাননি। আজ সকালে শ্রমিকরা কাজ করতে এসে রক্তাক্ত অবস্থায় মাহফুজুরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।