সাভারে ঈদের রাতে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ঈদের রাতে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারে ঈদের রাতে রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল বরিশাল জেলার সদর থানা এলাকার খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থেকে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস যাবৎ সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশপ্রহরীর কাজ করেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রুবেলের মোবাইল একটি ফোন আসে। এরপরে তিনি বাসা থেকে বের হয়ে যান। তার কিছু সময় পরই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে, তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। পরে আমরা সেখান থেকে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনও বিস্তারিত জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।