সাবেক এমপি বাবুর ১৩ বিঘা জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি বাবুর ১৩ বিঘা জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৮, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আক্তারুজ্জামান বাবুর ঢাকার মোহাম্মদপুরের ২ একর জমি, খুলনায় দুটি বাড়ি ও কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকানসহ মোট ১৩ বিঘা জমি ক্রোক ও ১৪টি ব্যাংক হিসাবের ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। বাড়ি, দোকান ও জমির মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন।

দুদকের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, মো. আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নথি পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিগুলো ক্রোক (জব্দ) ও অস্থাবর সম্পত্তিগুলো ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।