সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট, তালায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট, তালায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৭, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ ও আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাতক্ষীরা তালা উপজেলা ছাত্রলীগের দুইজন সহ সভাপতিকে ও সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

সাময়িক বহিষ্কৃতরা হলেন তালা উপজেলা শাখার ছাত্রলীগের সহ সভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম। একই সঙ্গে সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবিরকে সাময়িক বহিষ্কার করা হয়।

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তাঁর মৃত্যুর পর অভিযুক্ত নেতা–কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।’