সাঈদীকে নিয়ে পোস্ট, জবি ছাত্রলীগের ছয়জন বহিষ্কার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীকে নিয়ে পোস্ট, জবি ছাত্রলীগের ছয়জন বহিষ্কার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল রবিবার (২০ আগস্ট) জবি ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

বহিষ্কারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শের পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি প্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ঈশা, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সহসভাপতি জারফ তাজওয়ার, চারুকলা বিভাগের মো. মাসুম বিল্লা, ইসলামিক স্টাডিজ বিভাগের শফিকুল ইসলাম আপন, বাংলা বিভাগের আফিয়া আক্তার এবং দর্শন বিভাগের হাসান ইসলাম সান।

অব্যাহতির বিষয়ে হাসান ইসলাম সান বলেন, আমি এর আগে পাবনায় জেলায় ছাত্রলীগ করতাম। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেও ছাত্রলীগকর্মী হিসেবে কাজ করি আকতার ভাইয়ের সাথে। আমার পরিবারকেও আওয়ামী পরিবার হিসেবে সবাই চেনে। আমি মনে করি সাঈদী একজন ইসলামিক স্কলার। তাই ধর্মীয় দিক থেকে আমি তাকে নিয়ে পোস্ট করেছি। এতে আমাকে বহিষ্কার করলে তা দুঃখজনক।

বহিষ্কৃত কর্মী শফিকুল ইসলাম আপন বলেন, আমার ফেসবুকের ফ্রেন্ড থাকা আওয়ামী লীগ এবং যুবলীগের ৭-৮ জন সাঈদী হুজুরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল। বিষয়টি দেখে আমিও স্ট্যাটাস দিই। তবে যখন দেখলাম ছাত্রলীগের কেউ দেয়নি তখন ডিলিট করে দিয়েছি স্ট্যাটাসটি। কিন্তু জবি ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক আমার সাথে এ বিষয়ে কোনো কথা না বলেই অব্যাহতি দিয়েছেন। আমি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ বছর ধরে ছাত্রলীগ করি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, শৃঙ্খলাপরিপন্থি কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে এটাতো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থি সংগঠনের জন্য।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের অব্যবহতি দেওয়া হয়। সাঈদী রাজাকার, সে যুদ্ধাপরাধী ছিল। তাকে নিয়ে ছাত্রলীগকর্মী স্ট্যাটাস দেবে কেন? এরকম করলে শাস্তির আওতায় আনা হবে।