রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথবাহিনীর কমবাইন্ড টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিন বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
প্রেস সচিব বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’
আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানোর কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে।’
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তবে আরও উন্নতি করার অবকাশ রয়েছে।
