সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ নিহত ৬ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ নিহত ৬

জনবার্তা প্রতিবেদন
মে ৪, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের তিন জেলায় ছয় ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে আজ শনিবার সকাল সাড়ে আটটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দুর্ঘটনায়। রাত আড়াইটার দিকের ওই দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনের। এছাড়া গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক এবং নওগাঁর আত্রাইয়ে ইটভাঙা মেশিনের চাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি প্রাইভেটকারে কাভার্ডভ্যান ধাক্কায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন।

শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মহাসড়কের পুরান বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় কাছে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, চাঁদপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের বাউশিয়া এলাকায় আসার পর থেমে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে যানটি উল্টে খাদে পড়ে যায়।

খবর পেয়ে গজারিয়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাইভেটকার চালকসহ আহত অন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০), এবং আলমগীরের মামী রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেটকার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

ঢাকা মেইলকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।

হুমায়ুন কবির বলেন, রাত পৌনে দুইটার দিকে ঢাকাগামী প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে এলে পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এসময় গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

গাজীপুর: শনিবার ভোর সাড়ে চারটার দিকে জেলার শ্রীপুর উপজেলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ শ্রমিক।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সুনামগঞ্জের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫), আব্দুর রাজ্জাকের মেয়ের স্বামী আবু সুফিয়ান (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন নিয়ে ১৩ শ্রমিক ঢালাইয়ের কাজ করতে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে পৌঁছলে পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে গেলে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন। আহত হন ১২ জন। তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই মো. কুদ্দুস জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ: শনিবার সকাল সাড়ে আটটার দিকে নওগাঁর আত্রাইয়ে ইটভাঙা মেশিনের চাপায় সঞ্জয় কুমার নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তিনি এনজিও কর্মী। আহত হয়েছেন আরও কয়েকজন। উপজেলার সাহাগোলা-শিমুলিয়া রাস্তার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী বাঘা উপজেলায়।

নিহত সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান, সঞ্জয় কুমার আইডিএফ এনজিওর আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে অফিসে যাচ্ছিলেন। এ সময় ওভারটেক করার সময় একই দিক থেকে আসা একটি ইটভাঙার মেশিন অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। আহত হন আরও কয়েকজন।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।