সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৫০ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৫০

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২২, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।

মঙ্গলবার বিকেলে সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পৌনে ৫টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে আসা কয়েকজন শিক্ষার্থীরা নাম জানা গেছে। তারা হলো—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮) ও নেহাল (২০)।

জানা যায়, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে অবস্থানরত বেশ কয়েকটি সরকারি গাড়ির কাঁচ ভাঙচুর করেন। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলেও ভাঙচুর চালানো হয়।

এ ধরনের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে যান এবং শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। পুলিশের লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা জানায়, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালযের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে। এতে তারা আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৫০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।