শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে শাওন তালুকদার নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে মামলার আবেদন করেন নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত এ বিষয়ে মামলা বা জিডি আছে নাকি, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদরাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।