হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি ক্রোকের আদেশ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি ক্রোকের আদেশ

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১১, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থসংশ্লিষ্টদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রাদওয়াদ মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ফ্ল্যাট ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অবরুদ্ধকরণের আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টরা অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত অ্যাকাউন্টসমূহ অবিলম্বে অবরুদ্ধকরণ করা আবশ্যক।

ফ্ল্যাট ও জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও রেহানার ছেলে রাদওয়াদ মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিকের গুলশান আবাসিক এলাকায় একটি, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের ধানমন্ডি আবাসিক এলাকার সুধা সদনে বাড়ি, শেখ রেহানার গাজীপুরের কালিয়াকৈরে ১০.০৫ শতাংশ জমি, রাদওয়ান মুজিব সিদ্দিকের গুলশান ও মহাখালীতে গ্যারেজসহ ছয়টি ফ্ল্যাট রয়েছে।

হাসিনা-রেহানাসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এদিকে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ সাতজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। অপর তিনজন হলেন-শেখ রেহেনার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

মঙ্গলবার (১২ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব আহমেদ জয়, সায়মা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে ৫৯ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

তবে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও ইতোমধ্যে শেখ হাসিনা ও রেহানাসহ তাদের পরিবারের সদস্যদের কেউই দেশে নেই বলে জানা গেছে।