শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

জনবার্তা প্রতিবেদন
মে ২৭, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গেল দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত, মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি বাড়ি ভাড়া নেয় দুই যুবক। ওই বাসার নিচ তলায় তারা থাকতেন। হঠাৎ ভোররাতে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে আটক করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তারা।

ওই মেসের একজন শিক্ষার্থী বলেন, ‘সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনাসদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তোলেন। সেনা সদস্যদের একজন বলেন অভিযানে সুব্রত বাইনকে আটক করা হয়েছে।’

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘এখানে আমাদের কোনো অভিযান ছিল না। অন্য কোনো বাহিনী করেছে কি না জানি না। জানার চেষ্টা করছি।’

এ বিষয়ে কুষ্টিয়ার সেনা ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো কথা বলেননি।