শর্তহীন সংলাপের আহবান জানিয়ে তিন দলকে ডোনাল্ড লুর চিঠি - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শর্তহীন সংলাপের আহবান জানিয়ে তিন দলকে ডোনাল্ড লুর চিঠি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৪, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার বিকেলে জানিয়েছেন, তাঁদের কাছে চিঠিটি দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাষ্ট্রদূত তাঁকে জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছেও চিঠিটি দেওয়া হবে।

তবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সন্ধ্যা ৬টার দিকে বলেছেন, তাঁরা এখনো এ ধরনের কোনো চিঠি পাননি।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, চিঠিতে উলে­খ করা হয়েছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহŸানও জানানো হয়েছে।

সোমবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হাস দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।

মুজিবুল হক বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর লিখিত একটি চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন। পিটার হাস জানিয়েছেন, একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তিন দলকেই দেওয়া হচ্ছে।’

পরে মুজিবুল হক বলেন, চিঠিতে মূলত তিনটি বিষয়ে বলা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। দ্বিতীয়ত, শর্তহীনভাবে সংলাপের কথা বলা হয়েছে। তৃতীয়ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি গ্রহণ করেছে, চিঠিতে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

চিঠিটি দেওয়া হলো দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে।

বিকেল তিনটায় পিটার হাসের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় ৪০ মিনিট। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ছাড়াও দলের মহাসচিব মুজিবুল হক, দলের কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

তিন দলকে চিঠির বিষয়ে যা বলল মার্কিন দূতাবাস : বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

পিটার হাস গতকাল বিকেলে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরের কাছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন।

বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছেন, চিঠিতে শর্তহীন সংলাপের আহŸান জানানো হয়েছে। একই চিঠি আওয়ামী লীগ ও বিএনপিকেও দেওয়া হবে।

বিষয়টি নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহŸান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করে না।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সব পক্ষকে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া সংলাপে বসার আহŸান জানাচ্ছে। এতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ভিসা নীতির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসা নীতি (থ্রি-সি) প্রয়োগ করা হবে।

ডোনাল্ড লুর চিঠি পেয়েছে বিএনপি : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি পেয়েছে বিএনপি। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চিঠিটি দেওয়া হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।