লিফলেট বিতরণকালে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ আটক ২ - জনবার্তা
ঢাকা, , |

লিফলেট বিতরণকালে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ আটক ২

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১১, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাজানো-পাতানো প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেন্দ্র ঘোষিত গণসংযোগে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে খুলনা জেলা বিএনপি। নতুন তফসিল ঘোষণা করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে গতকাল বুধবার দুপুরে গণসংযোগ কর্মসূচি পালন করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ গণসংযোগে লিফলেট বিতরণকালে কৈয়া বাজার থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মাসুম বিল­াহ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর আলমকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ।

গণসংযোগের মতো অহিংস কর্মসূচিতে পুলিশের বাধা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিতে ছাত্রনেতাদের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রহসনের পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।