রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৩ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের তামার তার চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে চোর চক্রের ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— রামপাল উপজেলার আদাঘাট গ্রামের মৃত লিয়াকাত গাজীর ছেলে মো. আল আমিন গাজী (৩০), চাদপুর গ্রামের মো. দাউদ শেখের ছেলে মো. হিরাক শেখ (৩২) ও ছোট নবাবপুর গ্রামের মো. সিরাজ শেখের ছেলে মো. ফরিদ শেখ (২৮)।

ওসি এস এম আশরাফুল আলম জানান, গ্রেফতার ৩ জনই আগের করা মামলার এজাহার ভুক্ত আসামি।

ওসি এসএম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে এজাহার ভুক্ত ওই তিন আসামি আবারও তার চুরির জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।