রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৫, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। কথাকাটাকাটির জেরে ইউছুফ নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির মজিবুল হকের ছেলে। অভিযুক্ত মো. ইউছুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছেলে ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে আনোয়ার দোকানে বসেছিলেন। ইউছুফ এসে আনোয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো চাকু দিয়ে বুকে ও পেটে আঘাত করে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কি বিষয় নিয়ে আনোয়ার ও ইউছুফের মধ্যে কথাকাটাকাটি হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথি বলেন, আমার স্বামীকে কি কারণে হত্যা করেছে তা বলতে পারছি না। ঘাতক নির্মমভাবে আমার স্বামীকে খুন করেছে। আমি এর বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুক ও পেটে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, কথাকাটাকাটির একপর্যায়ে ইউসুফ নামে এক ব্যক্তি আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে। এতে আনোয়ারের মৃত্যু হয়। অভিযুক্ত ইউছুফ পালিয়ে আছে। তাকে আটকের চেষ্টা চলছে।