রমজানে স্কুল বন্ধের আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ, শুনানি আজ - জনবার্তা
ঢাকা, , |

রমজানে স্কুল বন্ধের আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ, শুনানি আজ

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১১, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মাহে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার (১১ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

এর আগে গতকাল রোববার (১০ মার্চ‌) রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত আজ এই আদেশ দেন।

এদিকে হাইকোর্টের আদেশের কপি পেলে পরবর্তী ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই কথা জানিয়েছিলেন।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সরকারের অবস্থান জানিয়ে তিনি বলেন, এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এদিন দুপুরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।

গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে।

তাদের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।