যশোরে ফুটবল খেলা নিয়ে দ্বদ্বে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শনিবার রাত ১০টার দিকে শহরের শংকরপুরে আকবরের মোড়ে এ ঘটনা ঘটে। এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বদ্বের সূত্রপাত বলে এলাকাবাসী জানিয়েছে। নিহত নুর হোসেন (২০) ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার বিকেল শংকরপুর ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাযোগের সৃষ্টি হয়। যা পরে স্থানীয়রা মিমাংসা করে। কিন্তু এর রেশ থেকে যায় দুটি পক্ষের মধ্যে। শনিবার রাত ১০টার দিকে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েক যুবক এস নুর হাসানকে ধরে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে নুর হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থা আশংকাজনক হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। তাকে খুলনায় নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিক মৃত্যু হয়। নিহত নূর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে শক্রতা শুরু হয়। এরই জের ধরে নূর হোসেনকে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।
