মেহেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

মেহেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে মুজিবনগর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের নিকট থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জাম ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম তার কার্যালয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন– মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী পূর্ব পাড়া তুফান মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪০), কুষ্টিয়ার বড় বাজার ঘোড়াঘাট আমলা পাড়ার ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা (৫৮), নাটোরের গুরুদাসপুরের শ্যামপুর কুঠিপাড়ার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও কুষ্টিয়া দৌলতপুরের তাজপুর মোল্লাপাড়ার হায়াত মন্ডলের ছেলে সেলিম আলী (৩৪)।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, গত তিন-চার মাস আগে থেকেই ওই এলাকায় ট্রান্সফরমার চুরি করছিল এই চক্রটি। গত ২৬ তারিখেও মুজিবনগরে ৬টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।