মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানিনা : এনায়েতুল্লাহ আব্বাসী - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানিনা : এনায়েতুল্লাহ আব্বাসী

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৫, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

মুসলমানদের মৌলিক দাবিগুলো যদি সংবিধানে পূরণ করা না হয়, তাহলে আমরা সেই সংবিধানও মানিনা, সনদও মানিনা বলে জানিয়েছেন তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তার বক্তৃতায় তিনি এ মন্তব্য করেছেন।

আব্বাসী বলেন, আল্লাহ তা’আলা তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন৷ উনার পরে কোনো নবী-রাসূল ছিলেন না, এখনো নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেও না৷ এটাই খতমে নবুয়তের বিশ্বাস৷ এই বিশ্বাস ছাড়া কেউ মুসলিম হতে পারেনা।

যারা প্রচলিত রাজনীতি করে তারা সেক্যুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চায়না মন্তব্য করে তিনি বলেন, সেক্যুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ শুধু দেশের অমুসলিমদের স্বার্থ রক্ষা করা?

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, দেশের প্রকৃত মালিক যে প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে আদায় না করা হয় তাহলে সেই সংবিধানও আমরা মানিনা৷ সেই সনদও মানিনা৷ খতমে নবুওয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ৷ তিনি খতমে নবুওয়তের আন্দোলনকে সবচেয়ে বড় আন্দোলন বলে জানান।