মায়ের পায়ের ধাক্কায় ভেসে উঠল ভাই-বোনের মরদেহ - জনবার্তা
ঢাকা, , |

মায়ের পায়ের ধাক্কায় ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২০, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকায় পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু দু’টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু দু’জন হলো- ভাসানচর গ্রামের মো. রাসেল মিয়ার ছয় বছর বয়সী ছেলে মো. বায়েজিদ ও চার বছর বয়সী মেয়ে মারিয়া সুলতানা। বায়েজিদ ও মারিয়া আপন ভাই-বোন।

তাদের মামা ফয়েজ উল্লাহ ঢাকা মেইলকে জানান, বেলা ১২টার দিকে বায়েজিদ ও মারিয়া বাড়ির পুকুরের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা দু’জন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের দু’জনকে খোঁজতে পুকুরে যায়। পুকুরের গিয়ে তাদের মা দেখতে পায় মারিয়ার স্যান্ডেল জুতা পুকুরের পানিতে ভাসছে।

এরপর তিনি পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজতে থাকেন। একপর্যায়ে তাদের মায়ের পায়ের ধাক্কায় বায়েজিদের মরদেহ ভেসে ওঠে। এর কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে ওঠে মারিয়ার মরদেহ।

এদিকে আদরের সন্তানদের হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। শিশু দু’টির মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।