মানিকগঞ্জে আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
মে ৩০, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জে এক আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পোড়রা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম সালেহা আক্তার। তিনি পৌরসভার পোড়রা এলাকার আইনজীবী আব্দুল্লাহ আল রজবের স্ত্রী। পারিবারিক জীবনে এই দম্পত্তির দুটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক নারী আইনজীবীর সঙ্গে পরকীয়ার জের ধরে স্বামীর সঙ্গে সালেহার কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার (২৯ মে) ওই আইনজীবী তার নিজ গ্রাম সাটুরিয়ায় উপজেলায় নির্বাচনের ভোট প্রদান করতে যান। রাতে তিনি আর বাড়ি ফিরেননি। এই নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়। সকালে বাড়ি ফিরলেও তাদের মধ্যে পুণরায় ঝগড়া হয়। ঝগড়ার জেরে সালেহা ঘরের দরজা আটকে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে তার স্বামী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দরজা ভেঙে সালেহার মরদেহ দেখতে পায়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে সালেহার মরদেহ উদ্ধার করে। এসময় তার শরীরে রক্তাক্ত আঘাতও দেখা গেছে।

ওসি হাবিল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে পারিবারিক কলহে তিনি আত্নহত্যা করতে পারেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।