ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া—এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।

অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান সে বিষয়ে গুরুত্বসহ তাগিদ দেওয়া হয়।