ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৮, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় একই পরিবারের চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়পাড়ার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৫), তাদের কন্যা সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন তিনি। প্রতিদিন তারা সকাল সকাল ঘুম থেকে উঠলেও আজ না ওঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু এতো কোনো সাড়াশব্দ পাননি তারা। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাদের সবার মরদেহ দেখতে পান। এরমধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ চালের তীরের কাঠে ঝুলছিল, স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক কন্যার মরদেহ খাটের পাশে পড়ে ছিল।

তিনি আরও জানান, তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনই মন্তব্য করা যাচ্ছে না। এটা হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত করার পর বলা যাবে। মরদেহগুলো সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।