বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবি সমন্বয়কসহ ৩ জনের ওপর হামলা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবি সমন্বয়কসহ ৩ জনের ওপর হামলা

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৫, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড মধুসূদনপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমন্বয়ক ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত (২২), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি মামুনুর রশীদ তুষার (২৫) ও গালিব মাহমুদ (২৫) গুরুতর আহত হন।

জানা যায়, রোববার (৫ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় মামুনুর রশিদ তুষার মেসেঞ্জার গ্রুপে ছাত্রলীগের হাতে বন্দী বলে সাহায্যের জন্য আবেদন করেন। এরপর নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্তসহ আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে যায়। যাওয়ার পর মাইজদীর হসপিটাল রোডে তাদের ৩ জনকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে তাদেরকে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী মামুনুর রশীদ তুষার বলেন, নোয়াখালী জেলা শহর মাইজদীর ফ্ল্যাট রোডে লিটন হোন্ডা ওয়ার্কশপের একটি দোকানের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মধুপুর মাদরাসার সামনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাটি জানতে পেরে আমার সহযোদ্ধারা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আমরা কোনো মতে দৌড়ে সুধারাম মডেল থানার সামনে আসি।

এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালীর সুধারাম থানার ওসি জানান, আমরা সকাল ৬টার পর দু’জনকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।