বিয়ের সপ্তাহ পার না হতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের সপ্তাহ পার না হতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী

জনবার্তা প্রতিবেদন
মে ৫, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের মেহেদী না শুকাতেই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নববিবাহিত সৌদি প্রবাসী আকতার হোসেন (৩২) নিহত হয়েছেন।

এ ঘটনায় মারাত্মক আহত নববধূ সুবর্ণা আক্তারকে (১৯) আইসিইউতে নেওয়া হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে চান্দিনার দিকে যাওয়ার পথে নিমসার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস চাপা দেয়। এতে মারাত্মক আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বামী আকতার হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রী সুবর্ণা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে আকতার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থেকে ছুটিতে বাড়িতে এসে গত ২৭ এপ্রিল কুমিল্লার সদর উপজেলার শংকরপুর গ্রামে বিয়ে করেন।

শুক্রবার (৩ মে) মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান এবং শনিবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, এক শনিবার বিয়ে করেছেন পরের শনিবার বাড়িতে এল তার লাশ। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে মরদেহ উদ্ধার করলেও পরিবারের দাবিতে বিনা ময়না তদন্তের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।