বিবৃতিদাতারা এসে ইউনূসের মামলার দলিল-দস্তাবেজ দেখুক: প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, , |

বিবৃতিদাতারা এসে ইউনূসের মামলার দলিল-দস্তাবেজ দেখুক: প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৯, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে শতাধিক নোবেলজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতার বিবৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীন। সেখানে আমাদের কিছু করার নেই। আর এই মামলায় ভুল কিছু আছে কি না, সেটা এসে বিবৃতিদাতারা দেখুক। তারা মামলার দলিল-দস্তাবেজ দেখুক।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের ওপর তিনি বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন ‍শুরু করেন।

সরকারপ্রধান বলেন, ‘নির্দোষ হলে ড. ইউনূস বিবৃতিভিক্ষা করে বেড়াতেন না।’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট দেশটিতে যান সরকারপ্রধান। সফর শেষে গত ২৭ আগস্ট সকালে দেশে ফেরেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ডক্টর সাইমা সুল্লুহু এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কুশল বিনিময় করেন শেখ হাসিনার সঙ্গে। পাশাপাশি আরও কিছু কর্মসূচিতে যোগ দেন সরকারপ্রধান।