বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচারপ্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন বিডিআরের কয়েকশ সদস্য পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালান। প্রায় দুই দিনব্যাপী চলা হত্যাকাণ্ডে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের লাশ উদ্ধার করা হয়।

সেই হত্যার ঘটনা পুনঃতদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও নিহত সেনা পরিবারের সদস্যরা।