বাগেরহাটে বিদেশি অস্ত্রসহ যুবলীগ কর্মী ও তার ভাই আটক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিদেশি অস্ত্রসহ যুবলীগ কর্মী ও তার ভাই আটক

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় যৌথবাহিনীর অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাইকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। পরে সাদ্দামের তথ্য অনুযায়ী তার বড় ভাই ফিরোজ আহমেদকে (৩৭) আটক করা হয়। এসময় তাদের ঘর তল্লাশি করে একটি অবৈধ বিদেশি শটগান, একটি অবৈধ বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক সাদ্দম হোসেন ও ফিরোজ আহমেদ মোংলা পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের দুই ছেলে। তারা দুজনই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। তাদের সংরক্ষণে থাকা অবৈধ বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।