বাগেরহাটের রামপলে দেশি ও বিদেশি তৈরি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে, শুক্রবার (২১ জুন) গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল এনায়েতউল্লাহ মাদরাসার সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃত যুবকরা হলেন, উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা এলাকার আনছার শিকদারের ছেলে তুহিন শিকদার(২৪), একই এলাকার আ. মাজেদ গাজীর ছেলে গাজী ইমরুল কায়েস(২৬) ও ওড়াবুনিয়া এলাকার মনোরঞ্জন ঢালীর ছেলে মনোজিৎ ঢালী(২৬)।
এ সময় আটক কৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।
(ওসি) সোমেন দাস জানায়, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় মোংলা থেকে একদল মাদক কারবারি মদের চালান নিয়ে রামপাল আসছে। এমন সংবাদ সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হাজী এনায়েতউল্লাহ মাদরাসার সামনে চেকপোস্ট বসায়। কিছুক্ষণের মধ্যে ওই তিন যুবক মাদ্রাসার সামনে উপস্থিত হয়। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ তল্লাশী করে ৩ (তিন) বোতল বিদেশী ও ১ (এক) বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে।
তিনি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাইরে থেকে মাদক এনে মফস্বলে বিক্রি করে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
