বাংলাদেশে আসতে চান সৌদি যুবরাজ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে আসতে চান সৌদি যুবরাজ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তিনি এই আমন্ত্রণ জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানিয়েছেন।

এতে আরও বলা হয়, তাদের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে শেখ হাসিনার অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেছেন যুবরাজ মোহাম্মদ।

মোহাম্মদ বিন সালমান বলেন, সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে।

এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিপূর্ণ সমর্থনেরও নিশ্চয়তা দেন তিনি। পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর ও এসিইউডব্লিউএ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সৌদি বিনিয়োগের জন্য সন্তোষ প্রকাশ করেন এমবিএস।

কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে সৌদি আরবের অর্থনীতিতে ২৮ লাখ বাংলাদেশি প্রবাসীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবরাজ মোহাম্মদ। এছাড়াও ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজন দেশ হিসেবে সৌদিকে সমর্থন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

সৌদি আরবে বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কাজ হাতে নেয়ায় যুবরাজের প্রশংসা করেন শেখ হাসিনা।