বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই পরিবহনে সংঘর্ষে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই পরিবহনে সংঘর্ষে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৯, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা লরি গাড়ির সংঘর্ষে দুই পরিবহনেই আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মো. আব্দুর রহিম (৩০) নামে এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। তিনি রংপু্র জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মৃত মুনছের আলীর ছেলে।

এছাড়া আরও দু’জন আহত হয়েছে। তারা হলেন- কাভার্ডভ্যান চালকের সহকারী শাকিল (২৫) ও নোমান (২৪)। আহত দু’জনই একই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকার অদূরে কামাক্ষামোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটির সামনের চাকা ফেটে গেলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী জামাল অ্যান্ড ব্রাদাস নামের লরির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ। এতে মুহূর্তেই ২টি গাড়িতে আগুন ধরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, পণ্যের তেমন ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, এছাড়া আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দু’পাশের সড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্থ গাড়ি দু’টি সড়ক থেকে সড়িয়ে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, কনটেইনারবাহী লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়িতে আগুন লেগে যায়। এতে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ ঘটনায় দু’জন জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।