বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুই কিশোরসহ ৩ জন নিহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুই কিশোরসহ ৩ জন নিহত

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুই কিশোরসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এবং সোনাতলা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মহানুর ইসলাম ও সিফাত। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। মহানুর শহরের বেসরকারি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের ছেলে। সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জ্বল হোসনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের কৈপাড়া এলাকায় ভাড়া থাকেন।

আর শাহানা আকতার (১৮) সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাইনুর আর সিফাত দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম স্ট্যান্ড এলাকা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বাড়ির পথে ফিরছিল। পথে দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক একটি দুধবাহী লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে যায় দুই কিশোর। পরে তাদের পিষ্ট করে আরেকটি ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।

নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাতুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে সোনাতলার উপজেলার পাঁচকুড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সোনাতলা থানার এসআই ইমরান হোসেন জানান, শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচকুড়ি ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।