জামায়াতে ইসলামের ফেনী জেলা আমীর একেএম সামসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি ফেনী মডেল থানা হাজতে রয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ অক্টোবর ফেনীতে জামায়াতের বিক্ষোভে মিছিলে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একেএম শামছুদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী জেলা জামায়াতের আমীর গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান। তিনি বলেন, বিরোধী মতের ওপর দমন পীড়ণ চালিয়ে সরকার এক তরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এভাবে হামলা-মামলা দিয়ে গ্রেফতার করে একদফা আন্দোলনকে দমাতে পারবে না তারা।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতা কর্মীরা। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়। ফেনী জেলা জামায়াত আমির এ কে এম সামসুদ্দিন এতে নেতৃত্বে দেন। বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
