‘প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন’ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন’

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কী কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি।

এর আগে বেলা ১১টায় ইউএনডিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যায়। ইসির কোনো চাহিদা আছে কি না, থাকলে কী করে সহায়তা দিতে পারবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে।

এ বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা দিতে চায়।