পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের কর্মসূচিতে না যাওয়ায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে জুনিয়র ১৫ শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নামধারীদের বিরুদ্ধে।
সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টায় বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকার ক্যাম্পাসের বয়েজ হলে এই ঘটনা ঘটে। এতে হলের চারশ শিক্ষার্থীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্তদের নেতৃত্বদানকারী সাকিব ভূইয়ার দাবি, বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যুরাল ভাঙচুরের চেষ্টা চালায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। ভাঙচুরে বাধা দিতে গিয়ে দুপক্ষে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহতদের বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলেন— তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক শাহরিয়ার (২৪), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল ও শিক্ষার্থীর আশিকুজ্জামান সজীব। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন।
আহত শিক্ষার্থীরা জানান, কলেজে পানিসম্পদ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের জন্য সোমবার বিকেল ৪টায় উপস্থিত থেকে ম্যুরালের উদ্বোধন করেন। এই সভায় আবাসিক ছাত্রদের উপস্থিত থাকার জন্য রোববার রাতে ছাত্রলীগ নামধারীরা হুমকি দিয়ে আসে। কর্মসূচি শেষ হওয়ার পর যারা কর্মসূচিতে অংশ নেয়নি এমন শিক্ষার্থীদের শাসাতে তিন দফা আবাসিক হলে প্রবেশ করে ছাত্রলীগ নামধারীরা। তৃতীয় দফায় রাত ৮টার দিকে হলের ১৫ শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ছাত্রলীগ পরিচয়ধারী দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব ভূইয়ার নেতৃত্বে ২৫ জন। সাকিব পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী। এ সময় সাকিবের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে আশরাফুল, আনাস, মাহিন চৌধুরী, তাসিন, হিমো রাকিব, শাহরিয়ার তানভীর, সিফাতসহ বহিরাগত ও শিক্ষার্থীরা ছিল।
কলেজের সহকারী অধ্যাপক লিটন রাব্বানী বলেন, আমরা আপাতত শিক্ষার্থীদের চিকিৎসার দিকে গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আব্দুর রহমান মুকুল জানান, আমরা ক্যাম্পাসে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত: এই কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় ছাত্রলীগের কোনো কমিটি নেই।
