পাইকারিতে ১৪৫০ টাকার ইলিশ খুচরায় ২২০০, জরিমানা গুনলেন ব্যবসায়ীরা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকারিতে ১৪৫০ টাকার ইলিশ খুচরায় ২২০০, জরিমানা গুনলেন ব্যবসায়ীরা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় মাছ ইলিশের মৌসুমেও অনেকে পাতে তুলতে পারছেন না চড়া দামের কারণে। কী কারণে এত দাম সেটাও কেউ জানেন না। এমন পরিস্থিতিতে ইলিশ মাছের বাজার পরিস্থিতি দেখতে মাঠে নেমে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে বিস্তর ফারাক পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মাছ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো রশিদ না দেওয়ার সুযোগও ব্যবসায়ীরা কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা দেখেছেন, পাইকারিতে ১৪৫০ টাকা দামে যে ইলিশের কেজি কেনা হয়েছে, সেই মাছ খুচরা বাজারে হাঁকা হচ্ছে ২২০০ টাকা। এমন অভিযোগে বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী এলাকায় ইলিশ মাছের আড়তে অধিদফতরের চারজন কমকর্তা অভিযানে যান। কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান এবং যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কারওয়ান বাজার এলাকায় পরিচালিত অভিযানে দেখা যায়, ইলিশ মাছের আড়তে ইলিশ মাছ ক্রয়সংক্রান্ত কোনো প্রকার তথ্য/পাকা ক্যাশ মেমো সংরক্ষিত নেই, ইলিশ মাছ বিক্রির পাকা ক্যাশ মেমো প্রদান করা হচ্ছে না। পাইকারি ১৪৫০ টাকা কেজি দরে ইলিশ মাছ কিনে খুচরা ২২০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে ইত্যাদি।

এসব অপরাধে পাঁচ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ইলিশ মাছ কেনা ও বিক্রি উভয় ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করা এবং প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে ভোর সাড়ে ৫টার থেকে সোয়া ৮টা পর্যন্ত যাত্রাবাড়ী ইলিশ মাছের আড়ত ও পাইকারি পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি কানু দাস এবং সাধারণ সম্পাদক মায়েদুল।

অভিযানে দেখা যায়, মনপুরা, ভোলা, মহিপাল, ফেনী, চাঁদপুর ও পাথরঘাটা থেকে ইলিশ মাছ যাত্রাবাড়ী বাজারে আসে। এই বাজারে দুই শতাধিক ইলিশ মাছ ব্যবসায়ী আছেন। যেখানে ১.৫ কেজি সাইজের ইলিশ ১৮০০ টাকা প্রতি কেজি, ১ কেজি সাইজের ইলিশ ১৬০০ টাকা প্রতি কেজি, ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১৪৫০-৭০ টাকা প্রতি কেজি, ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৯০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে, কমিশন এজেন্ট ৩ শতাংশ হারে কমিশনে বিক্রি করছে। কোনো ব্যবসায়ী পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছেন না, মূল্য তালিকাও করা হচ্ছে না প্রদর্শন।