সুন্দরবনের করমজলে পথ হারানো ৩১ কিশোর পর্যটককে ৩ ঘণ্টা পর জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে মোংলা থানা-পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলামের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ একত্রিশ জনের একটি দল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবনের করজলে ভ্রমণে যায়। বনে প্রবেশের কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলে।
কিশোরদের মধ্যে ফেরদৌস নামে এক কিশোর বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯ এ খবর দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়। এর পর মোবাইলে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মিলে। তারা লোকালয় থেকে গভীর বনে ডুকে পড়ছিল।
কিশোর ফেরদৌস জানায়, তার মোবাইলে ব্যালেন্স ছিল না। কিন্তু সে জানতো ব্যালেন্স না থাকলেও ৯৯৯ এ ফোন করা যায়। তাই সে বুদ্ধি খাটিয়ে ৯৯৯ ফোন করে সহযোগিতা চায়।



