নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে, পেছানোর শক্তি কারও নেই : প্রেস সচিব - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে, পেছানোর শক্তি কারও নেই : প্রেস সচিব

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচন সময়মতোই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনও শক্তি নেই।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব স্পষ্ট করে আবারও বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যেকোনও সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।

প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, সেটাই প্রধান উপদেষ্টা করবেন।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার বিষয়েও তিনি কথা বলেছেন এবং জানিয়েছেন, ‘১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।’

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক বড় বড় কাজ করেছে। প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের মঙ্গল হয় এমন কাজ করছেন। ইতোমধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা করেছে, সনদে স্বাক্ষরও হয়েছে।

জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাইম প্রমির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।