নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো হলো - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো হলো

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৮, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার নয় মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএম কোর্টে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় তার উপস্থিতিতে আগামী ৯ জানুয়ারি জামিন শুনানি হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৪ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ ডিসেম্বর এক আদেশে হাইকোর্ট নয় মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন।

গত ২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদিন রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারেই রয়েছেন বিএনপি মহাসচিব।