নরসিংদীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জনবার্তা প্রতিবেদন
জুন ১০, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর শিবপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাত এগারোটার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), একই গ্রামের বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু এক মোটরসাইকেলে চড়ে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যান। বাড়ি ফেরার পথে রাত এগারোটার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে সামনে থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপুও মারা যায়।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, নিহত তিনজনের মরদেহ থানায় আছে। মরদেহ তিনটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।